বগুড়ায় চাঁদা না পেয়ে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় চিহ্নিত সন্ত্রাসীরা সোমবার রাতে বাড়িতে ঢুকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে।
হত্যাকান্ডে জড়িত থাকায় পুলিশ হাদি নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
পরিবারের লোকজন জানান, বগুড়া শহরতলির সাবগ্রাম বাঁশবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর পাওয়া টাকা থেকে শহরে নিউমার্কেটে একটি ক্রোকারিজ সামগ্রীর দোকান দেন ও চকলোকমান খনকার নতুন পাড়া এলাকায় বাড়ি তৈরি করেন। বেশ কিছুদিন ধরে একই এলাকার আবদুল আলিমের ছেলে সন্ত্রাসী আলিফ ইসলাম মিলু ও তার সাঙ্গপাঙ্গরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় কিছুদিন আগে সন্ত্রাসীরা তার ডেইরি ফার্ম থেকে কয়েকটি গরু নিয়ে যায়। সম্প্রতি তারা ৫০ হাজার টাকা দাবি করে।
অভিযোগ করা হয়েছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৬ মামলার আসামী মিলুর নেতৃত্বে ৮/১০ জনের সন্ত্রাসী দল সাইফুলের বাড়িতে ঢোকে। এরপর তারা তাকে রামদা ও ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যায়। মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার চকনন্দপাড়ার আশরাফুল ইসলামের ছেলে হাদিকে (৩৫) গ্রেফতার করেছে।
অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে।
