‘মেয়াদ শেষের একদিন আগে চুক্তি বাতিল করা আইওয়াশ’
দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনের বদলি ও পদায়ন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।
সোমবার গভীর রাতে বিদায়ী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিবের চুক্তি বাতিল নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার চুক্তি বাতিল করা নয় সচিবের মধ্যে দুই সচিবের মেয়াদ ছিল মাত্র একদিন। অথচ চুক্তিভিত্তিক তিন কর্মকর্তা পররাষ্ট্রসচিব, আইন সচিব ও অর্থ সচিবের আরো বেশ কিছুদিন মেয়াদ থাকলেও তা বাতিল করা হয়নি। উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের অনেকেই বলেছেন, চুক্তি বাতিলের ক্ষেত্রে এ ধরনের ঘটনা শুধুমাত্র ‘আই ওয়াশ’।
সোমবার গভীর রাতে চুক্তি বাতিল হওয়া নয় সচিবের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, একই কার্যালয়ের সচিব খন্দকার শহীদুল ইসলামের চুক্তির মেয়াদ ছিল আর মাত্র একদিন।
অন্যদিকে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন আহম্মেদ, আইন সচিব আলাউদ্দিন সর্দার এবং অর্থ সচিব সিদ্দিকুর রহমানও জোট সরকার আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে তাদের দায়িত্ব পালন করছেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। এসব সচিবের চুক্তি বাতিলের বিষয়ে মঙ্গলবার পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
এ ব্যাপারে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নফহবংি২৪.পড়স-কে বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নির্দেশনায় সোমবার রাতে নয়জন চুক্তিভিত্তিক নিযুক্ত সচিবের চুক্তি বাতিল করা হয়েছে। আরো তিনজন চুক্তিভিত্তিক নিযুক্ত সচিব এখনো কর্মরত আছেন। তাদের বিষয়েও ফাইল তৈরি করা হয়েছে।
বিষয়টিকে ‘আইওয়াশ’ হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ফাইল আজই (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। তার নির্দেশনা পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ ছাড়াও সোমবার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া অন্য সাতজন সচিবের মধ্যে যোগাযোগ সচিব শফিকুল ইসলাম আগামী বছরের ২৩ জুলাই, কৃষি সচিব কাজী আবুল কাশেম ৩০ জানুয়ারী ২০০৭, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব আখতার হোসেন খান ৮ জানুয়ারী ২০০৮, গণপূর্ত সচিব ইকবাল উদ্দিন আহম্মেদ ২ জানুয়ারী ২০০৭, নৌপরিবহন সচিব রফিকুল ইসলাম ১৬ জানুয়ারী ২০০৭ এবং শ্রম সচিব সুজাউদ্দিন আহম্মেদ ও তথ্য সচিব সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের মেয়াদ আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ছিল।
