২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পদে প্রস্তাবিত নাম

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবিত কয়েকজনের নাম জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আওয়ামী লীগ প্রস্তাবিত উপদেষ্টারা হলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদুল হক চৌধুরী, সাবেক সচিব ড. মশিউর রহমান ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ।

অন্যদিকে বিএনপি প্রস্তাবিত উপদেষ্টারা হলেন, এফবিসিসিআই চেয়ারম্যান মীর নাসির হোসেন অথবা আইসিসি চেয়ারম্যান মাহবুবুর রহমান, দিলারা জামান, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব ড. আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী অথবা সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী।  

এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রস্তাবিত তিনটি নামের মধ্যে দুটি জানা গেছে। তাঁরা হলেন, এনজিও নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতিকুর রহমান। অপরজন হলেন একজন ব্যবসায়ী, তার নাম জানা যায়নি।

আওয়ামী লীগ, বিএনপি ও বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ১৪ দলের নেতারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে জোটের প্রস্তাবিত তালিকাটি হস্তান্তর করেন।

এ ছাড়া সদ্যগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অবিলম্বে পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার অনুরোধ জানান। সেইসঙ্গে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনেরও আহ্বান জানান তারা।