নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের জন্য রাষ্ট্রপতির প্রতি জলিলের আহ্বান
বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে বিব্রতবোধ করেছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবিধানিকভাবে অনতিবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার দুপুর সোয়া ১২টায় ধানমণ্ডি ৩ নম্বর রোডে এক সংবাদ সম্মেলনে জলিল এ আহ্বান জানান।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নির্দলীয় ব্যক্তি নিয়োগ না হওয়া পর্যন্ত ১৪ দলের অনির্দ্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে বলেও জলিল সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে এক জরুরি বৈঠকে বসেন। এর অব্যবহিত পরে ১৪ দলের নেতারা সাংবাদিকদের দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
জলিল বলেন, ‘কে এম হাসান ছাড়া রাষ্ট্রপতি যদি অনতিবিলম্বে সাংবিধানিকভাবে একজন নির্দলীয় ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেন তবেই দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হবে’। তিনি কে এম হাসানের অসুস্থতা নিয়ে ‘লুকোচুরি’ না খেলার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।
জলিল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রশ্নে আমাদের দাবি না মানা পর্যন্ত ঢাকা অবরোধ কর্মসূচি এবং সারাদেশের সব নেতাকর্মীদের রাজধানীতে এনে জড়ো করাও অব্যাহত থাকবে’।
জলিল আরও বলেন, এ অবস্থায় রাষ্ট্রপতিই কেবল পারেন সহিংসতা এড়িয়ে জাতিকে রক্ষা করতে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
