রাজনৈতিক অনিশ্চতায় অনিশ্চিত ঢাবির শিক্ষার্থী জীবন
জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে অনিশ্চয়তায় সৃষ্টি হয়েছে।
ঈদের নির্ধারিত ছুটি বাড়ানোয় ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর সংখ্যা কম। তবে যাদের পরীক্ষা ৩০ অক্টোবর তাদের অনেকেই বৃহস্পতিবার হলে ফিরে এসেছেন।
এর আগে ক্যাম্পাস ১ নভেম্বর থেকে খোলার কথা থাকলেও অনিবার্য কারণবশত ১১ নভেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পাস খোলার পর বিভিন্ন বিভাগের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণার কথা রয়েছে। তবে ১১ নভেম্বরের পরের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়। এর ফলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বাংলা বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের তৃতীয় বর্ষের প্রায় তিনটি পরীক্ষা স্থগিত করা হয়। সমাজবিজ্ঞান বিভাগ, ইতিহাস বিভাগসহ বেশিরভাগ বিভাগের তৃতীয় বর্ষ, অনার্স ফাইনাল এবং মাস্টার্স পরীক্ষা স্থগিত হয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষার্থীরা শঙ্কিত।
এমনই একজন ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহরাজ হোসেন বাবু। তিনি বলেন, ‘যেসব পরীক্ষা স্থগিত আছে সেগুলোর নতুন তারিখ ঘোষণা করা হবে বাকি পরীক্ষাগুলোর শেষে। ফলে সেশন জটে পড়তে হবে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো আদৌ এ বছর অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।
এছাড়া যেসব শিক্ষার্থীরা ঢাকার বাইরের জেলাগুলো থেকে এসেছেন তাদের অনেকেই ১১ নভেম্বর পর্যন্ত ঢাকাতেই অবস্থান করবেন বলে জানান।
ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মমতাজ নওরীনের বাড়ি নীলফামারি জেলায়। তিনি জানান, ৩০ তারিখে পরীক্ষার জন্য ঈদের পরদিনই দুপুরে হলে চলে এসেছেন। অথচ বিকেলেই পরীক্ষা স্থগিতসহ ছুটি বাড়ানোর খবর জানতে পারেন। এখন আবার মাত্র কয়দিনের জন্য বাড়িতে যাওয়া কষ্টকর ব্যাপার হবে বলে তিনি জানান।
