২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী চিনি কলে চলতি মৌসুমে আখ মাড়াই শুরু

প্রায় ৮৪ কোটি টাকা পুঞ্জীভূত লোকসানের বোঝা মাথায় নিয়ে রাজশাহী চিনি কলে ২০০৬--২০০৭ মৌসুমের জন্য আখ মাড়াই শুরু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার সকালে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর উদ্বোধন করার কথা থাকলেও তিনি না আসায় রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু আখ মাড়াই উদ্বোধন করেন।

চলতি মৌসুমে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৮৪০ মেট্রিক টন।

এবার প্রতি ৪০ কেজি আখের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫৩ টাকা। আর উৎপাদিত চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।

রাজশাহী চিনি কলের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, এবার আড়াই কোটি টাকা লাভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আখ মাড়াই শুরু করছে চিনি কল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার রাজশাহী চিনি কল এলাকায় ২৪ হাজার ৮৬১ একর জমিতে আখ চাষ করা হয়েছে। এর বিপরীতে মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন।

গতবারের তুলনায় এবার আখ বেশি হলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে। এবারের লক্ষ্যমাত্র ১১ হাজার ৮৪০ মেট্রিক টন। চিনি আহরণের পরিমাণ ধরা হয়েছে সাত দশমিক ৪০ শতাংশ। 

সংশ্লিষ্ট সূত্র মতে, এ বছর আখের মৌসুমের শুরুতে ইতোমধ্যে গুড় উৎপাদনের জন্য মাড়াই হয়েছে ৪৩ হাজার ৫০০ মেট্রিক টন আখ। গুড় উৎপাদনের জন্য এবার ব্যাপক হারে আখ মাড়াই হওয়ার আশংকা করছেন মিল কর্তৃপক্ষ। ফলে আখ সরবরাহ কম হওয়ার আশংকায় উৎপাদন লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, গুড় উৎপাদনের জন্য ব্যাপকহারে কৃষকরা আখ মাড়াই শুরু করায় এবারও চিনি কলে আখ সরবরাহ কম হবে। এ কারণে আখ মাড়াই বা চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করা হচ্ছে।

এবার রাজশাহী চিনি কল এলাকায় গুড় উৎপাদনের জন্য গতবারের তুলনায় বেশি পাওয়ার ক্র্যাসার ব্যবহার করা হচ্ছে বলে মিল সূত্রে জানা গেছে।

মিল এলাকায় মাড়াই মৌসুমের শুরুতেই সাড়ে ১৬ হাজারের বেশি ‘পাওয়ার ক্র্যাশার’ বিরতিহীনভাবে আখ মাড়াই করে গুড় উৎপাদন করছে।

গুড় উৎপাদন বেশি লাভজনক হওয়ায় তারা ওই দিকে বেশি আগ্রহী বলে কৃষকরা জানান।