সংলাপ নিয়ে আওয়ামী লীগসহ ১৪ দলের সিরিজ বৈঠক
সংলাপের সর্বশেষ অবস্থা ও করণীয় কৌশল নির্ধারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও ১৪ দল বৈঠক করেছে। বৈঠকের পর ১৪ দলের নেতারা সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন। তবে ওই সব বৈঠকের কোনো সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠকটি অনুষ্ঠিত হয় সুধা সদনে। বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সোমবার সকালে সংসদ ভবনে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে আলোচনার ফলাফল অবহিত করা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে কয়েকজন নেতা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের বিষয়ে দলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য না করে বলেন, ‘সংলাপ ব্যর্থ হয়নি। আমি মান্নান ভূঁইয়া সাহেবের সঙ্গে আবার কথা বলব।’
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠকের পর আবদুল জলিলের সভাপতিত্বে ধানমন্ডির ৩ নং সড়কের আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংলাপের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। এরপর তারা ড. কামাল হোসেনের বাসায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেও সাংবাদিকদের কিছুই জানানো হয়নি।
