রাজধানীতে একজনকে জবাই, লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণখানে সোমবার ভোরে জবাই করে হত্যা করা হয়েছে আবদুর রাজ্জাক শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে। এছাড়া বস্তাবন্দি আরেক যুবকের লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ ।
নিহত আবদুর রাজ্জাকের শ্যালক সুলতান আহমেদ দাবি করেন, ভোর আনুমানিক পৌঁনে চারটার দিকে নিহতের ফায়দাবাদের বাসায় একদল ডাকাত ঢুকে তাকে [আবদুর রাজ্জাক] ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
সুলতান জানান, আবদুর রাজ্জাক ডেসার হিসাবরক্ষক ছিলেন। রাজধানীর শ্যামলীতে তার অফিস।
হত্যার এই ঘটনার সঙ্গে নিহতের স্ত্রী ফারজানা জড়িত রয়েছে বলে রাজ্জাকের ভাই মোহাম্মদ রেজ্জাক দাবি করেন। তিনি ফারজানাকে আসামি করে দক্ষিণখান থানায় একটি মামলাও দায়ের করেছেন।
পুলিশ নিহত রাজ্জাকের স্ত্রী ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মোহাম্মদ রেজ্জাক অভিযোগ করেন, ফারজানা আক্তারের (৩২) পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় তার ভাইকে হত্যা করা হয়েছে।
নিহতের পিতার নাম আবদুর রশিদ শেখ। তার বাড়ি শিবচর উপজেলার পূর্ব নিলখী গ্রামে।
এছাড়া মতিঝিল থানা পুলিশ সকালে পোস্ট অফিস গোডাউন এলাকা থেকে বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
