মুন্সীগঞ্জে মেঘনায় দুর্ঘটনাকবলিত লঞ্চ উদ্ধার, নিহত ১৫ (আপডেট-৫)
মুন্সীগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া শাহপরান এমভি লঞ্চটি বিকাল সাড়ে ৫টা নাগাদ উদ্ধার করা হয়েছে। আর কোনো লাশ পাওয়া না যাওয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১৫ বলে জানা গেছে। এর মধ্যে ১০জন মহিলা ও চারটি শিশু রয়েছে।
নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে ছোট এই লঞ্চটিকে টেনে তুলে। এসময় লঞ্চটিতে আর কোন লাশ পাওয়া যায়নি। লঞ্চটির পিছনের অংশ ভেঙে গেছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মশিউর রহমান সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন। লঞ্চটি বর্তমানে মেঘনার দক্ষিণ পাড়ে ফেলে রাখা হয়েছে।
তবে এখনো পর্যন্ত নিখোঁজ স্বজনদের খোঁজে আত্মীয়স্বজনরা নিজেদের উদ্যোগে নৌকা ও ট্রলারে করে হ্যাজাক লাইট নিয়ে তল্লাশি চালাচ্ছে।
নিহতরা হলেন, সালমা (২৪), রোকেয়া বেগম (৩৫), আকাশ (৩০), সিমরান (১৮ মাস), রূপা (১০), লিপি (১২), নাছিমা (৪২), তার ছেলে ইমন (১১), সায়মা (৩), দেলোয়ারা (৪৫), আয়শা (৬৫), জয়বাহার (৭০), আমিনা (১৪), ইয়াসমীন (২০) ও কমলা বেগম (২৪)। তারা অধিকাংশই কুমিল্লার মেঘনা থানার অধিবাসী।
পুলিশ ঘাতক কার্গো ‘বনানী’ কে আটক করেছে।
এমভি শাহপরান নামে ওই নৌযানটি গজারিয়ার তেতুইতলা থেকে কুমিল্লার মেঘনা থানার রামপুরা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই একটি মালবাহী নৌযানের ধাক্কায় এমভি শাহ পরান মেঘনা ব্রিজের ছয়--সাতশ গজ দূরে ডুবে যায়।
এতে শতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
