ঈদ যেখানে কেবল অন্য একটি দিন
‘গত বছর ঈদের আগের রাতে বাজার থেকে সিলভার কার্প মাছ কিনেছিলাম। সাথে ডাল আর কিছু শাকপাতা। পরিচিত একজন ঠিকাদার এক প্যাকেট সেমাই ও এক পোয়া চিনি কিনে দিয়েছিল। গত ঈদে এই ছিল আমার পরিবারের বিশেষ খাবার।’
কার্তিকের কর্মহীন-খাদ্যহীন মাসে কুড়িগ্রাম এর গঙ্গাদেশ গ্রামের মোহাম্মদ আবদুল লতিফ (৩৫) প্রতিবেদকের প্রশ্নের জবাবে গত ঈদে তার পাঁচ সদস্যবিশিষ্ট পরিবারের বিশেষ খাদ্যতালিকার বর্ণনা দেন।
গত ১৯ অক্টোবর ভোরে কুড়িগ্রাম জেলার গঙ্গাদেশ গ্রামে কাজের অপেক্ষায় বসে থাকা শীর্ণ দেহের লতিফের দেখা মিললো।
প্রতিদিন খুব ভোরে লতিফ কাজের উদ্দেশ্যে বের হয়। ঘরে ছোট দুই ছেলে-মেয়ে, মা আর স্ত্রী।
‘মঙ্গা মাসে দিনে ২০ থেকে ৩০ টাকা আয় হয়। এক কেজি চাল ২০ টাকা। ডাল ও একই দাম। একটা কিনলে অন্যটা কেনা হয় না। ফলে এক বেলা ও পেট ভরে খেতে পারে না ঘরের সবাই,’ লতিফ বললেন।
স্ত্রীর কথা বলতে গিয়ে বললেন, ‘নাজমা বলেছে কারো কাছ থেকে ৫০০ টাকা ধার করতে। যাতে ঈদে বাচ্চাদের জন্য জামা ও আর আমার জন্য লুঙ্গি কিনতে পারে। কিন্তু ধার দেবে কে? সবারই তো একই অবস্থা’।
ম্লান হেসে লতিফ জানালেন, রোজগার করতে পারলে ঈদের আগের রাতে স্থানীয় নসর উদ্দিন মার্কেট বাচ্চাদের জামা কেনা যাবে। ওই বাজারে কেবল পুরনো জামা মেলে।
প্রায় ২০ লাখ জনগোষ্ঠীর কুড়িগৃাম জেলাবাসীর বেশিরভাগ মানুষের অবস্থাই কম- বেশি লতিফের মত। ঈদ তাই তাদের কাছে অন্য আরেকটি দিন মাত্র।
১৯ অক্টোবর কুড়িগ্রাম সদরের দোকানগুলোতে হিন্দি গান শোনার ফাঁকে দেখা গেল পণ্য আছে, কিন্তু ক্রেতা নেই।
স্থানীয় দোকানী রমিজ বললেন, যারা ঢাকায় থাকে তারা সেখান থেকেই কেনাকাটা করে ঈদে গ্রামে ফিরবে। আর যারা এখানে থাকে তাদের সামর্থ্য খুব কম। ফলে বাজার মন্দা।
পাটেশ্বরী, কালিগঞ্জ, রায়গঞ্জসহ কয়েকটি ইউনিয়ন ও গ্রাম ঘুরে দেখা গেলো ঈদের আমেজ নেই । স্থানীয় বাজারগুলো এলাকার নদী মরা ধরলার মতই নি¯প্রাণ।
অন্য সময় উন্মত্ত থাকলেও কার্তিকে নদী আর মানুষ এক হয়ে যায়। শুকনো লিকলিকে নদী আর এর পাড়ের চির অভাবী মানুষ যেনো এর চেয়েও রুগ্ন, শীর্ণ চেহারার।
কুড়িগ্রামবাসীদের অনেকে জানালেন, মাঠে প্রায় পাকা ফসল থাকলেও ঘরে ঘরে এসময় মারাত্মক অভাব। ফসল কাটার জন্য এসময় অপেক্ষা করতে হয় এক মাস। এই একমাস প্রায় না খেয়েই চলে এখানকার মানুষের দিন।
কার্তিকের ভোর খুব ফরসা না হতেই ধরলার পাড় ধরে নওয়াবাস গ্রামে যাওয়ার পথে দেখা মিললো সারারাত মাছ ধরে বাসায় ফেরা নুর ইসলাম (৩৮) আর মুজিবর (৪০) এর সঙ্গে।
নুর ইসলাম বললেন, ‘মহাজন ২০ টাকা দিয়েছে। মহাজনের জাল আর নৌকা। আর আমার শ্রম। ঘরে আটটা মুখ। বললেন’।
ঈদের কথা জিজ্ঞেস করায় শুকনো হাসি হাসলেন। বললেন, ‘খাবার জোটে না আর ঈদ! সামর্থ্য হলে বাচ্চাদের জন্য স্থানীয় বাজার থেকে গেঞ্জি কিনবো’।
গ্রামের উঁচু নিচু মেঠো পথ মিশে যাওয়া শ্রীহীন দোকানে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন বাচ্চানি (৩৫)। নয় বছর আগে তার স্বামী মরেছে । মাটি কাটার কাজ আর কামলা খেটে একমাত্র ছেলে বাদশাকে (৯) নিয়ে এই গ্রামে তিনি থাকেন।
‘রমজান মাসের ১৪ তারিখ থেকে কাজ করতে পারছি না, শরীর অসুস্থ’ জানালেন বাচ্চানি।
গত ঈদে বাচ্চনির ছেলে মামা বাদশার সাথে নামাজ পড়তে গিয়েছিল। প্রতিদেকের প্রশ্নের জবাবে ধরা গলায় বাদশা জানায়, ঈদে সে নতুন জামা পায় না।
মুদি দোকানী আওরঙ্গজেব বললেন, রমজানে ভাত থাকলে তরকারি নাই। সবাই বাকিতে পণ্য চায়।
বাচ্চানিসহ স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সরকারের নেওয়া ভিজিএফ এবং ভিজিডি কার্যক্রম অপ্রতুল। তারা বলেন, স্থানীয় নেতারা এই ‘ইলিফ’ এর সিংহভাগই চুরি করেন।
কার্তিকের এক মাসের কর্মহীনতা দূর করার জন্য বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ উচ্চ ফলনশীল বিরি ৩৩, ৩৯ এবং ড্রাম সিডার পদ্ধতিতে চাষাবাদের জন্য এলাকার কৃষকদের মধ্যে কয়েক বছর ধরে জোর প্রচারণা চালাচ্ছে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বিরি ৩৩, ৩৯ আগাম পাকে। আর ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষ করলে তা কমপক্ষে ১৫/২০ দিন আগে পাকে।
‘আমরা স্থানীয় মানুষের শ্রমকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য এই উচ্চফলনশীল ধান চাষের জন্য কয়েক বছর ধরে প্রচারণা চালাচ্ছি বড় কৃষকরা আগ্রহ দেখালেও ছোট ও মাঝারি কৃষকরা কম আগ্রহ দেখাচ্ছে। তবে দিন দিন উচ্চ ফলনশীল ধান চাষের পরিমান বাড়ছে’।
সিরাজুল ইসলাম জানান, ২০০৬-২০০৭ মৌসুমে কেবল কুড়িগ্রাম উপজেলাতেই ৫৫০ হেক্টর জমিতে বিরি ৩৩ এবং ৩০০ হেক্টর জমিতে বিডর ৩৯ এর চাষাবাদ হয়েছে। এছাড়া ড্রাম সিডার ১৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
‘অথচ গত মৌসুমে সব মিলিয়ে মাত্র ২৫০ হেক্টর জমিতে বিরি ৩৩, ৩৯ এবং ড্রাম সিডার পদ্ধতিতে চাষ হয়েছিল’ তিনি জানান।
চৌধুরীপাড়া গ্রাম থেকে বের হওয়ার সময় পথে দেখলাম গাছের নিচে ঝুড়ি কোদাল নিয়ে বসে আছেন ওই গ্রামেরই সামসুর রহমান (৪০) আর রমজান (৪৫)। সামসুর জানালেন, একাধিক দিন তিনি শুধু পানি খেয়ে সেহরি করেছেন।
সামসুর রহমানের কোলে বসে শুকনো রুটি খাচ্ছিলো তার সাত বছরের ছোট মেয়ে। ইদানীং খাদ্য জুটলে তা কেবলই শুকনো রুটি। মেয়েটির নাম সুখী।
ক্ষুধার এ গদ্যময় রাজ্যে আত্মজার নামের মধ্যেই সুখ খুঁজেন শামসুর রহমান।
