২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭৫, সমন্বিত

দেশের বিভিন্ন স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সব চেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঢাকা--আরিচা মহাসড়কের ধামরাইয়ে। সেখানে বাস--ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত ও ৭০ জন আহত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 10:19 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সাভার প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে জয়পুর বাসস্ট্যাণ্ডের কাছে ধামরাই যাওয়ার সময় একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়। এতে বাস ও ট্রাকটি সড়কের দুপাশে ছিটকে পড়ে।

এসময় ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরও ৭০ জন। তাদের মধ্যে সাথী, দেলোয়ার, রুপালী, গোলাপী, জনী, হাবিব, সবুজ, মোহাম্মদ আলী, শেফালী, রেখা, হানিফ, মিজানুর, ফিরোজ ও মোস্তফাসহ গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপর এক বাস যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও র‌্যাব সদস্যরা একযোগে উদ্ধার অভিযানে নামে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে নিহত তিন জনের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান। 

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ভোলা প্রতিনিধি জানান, ভোলা--চরফ্যাশন সড়কে একটি ভটভটি (নসিমন) একটি যাত্রীবাহী টেম্পোকে ধাক্কা দিলে টেম্পো যাত্রী জরিনা বেগম (৬০) ঘটনাস্থলেই নিহত হন বলে বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়।  আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ভটভটিটি ভাংচুর করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ--ভৈরব সড়ক পার হওয়ার সময় ভৈরবগামী একটি ট্রাক এক ব্যক্তিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।