কেরানীগঞ্জে দুই বছরের শিশুকে হত্যা করেছে পাষণ্ড পিতা
কেরানীগঞ্জে শনিবার গভীর রাতে নূর হোসেন নামের দুই বছরের এক শিশুকে তার পাষণ্ড পিতা শ্বাসরোধ করে হত্যা করেছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিতা নুরুল ইসলামকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে। পরকিয়া প্রেমের জের ধরে এই হত্যার ঘটনা ঘটে।
নিহতের মা রানু বেগম জানান, প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয় এবং পরকিয়া প্রেমের জের ধরে এর আগে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। একই বিষয় নিয়ে শুক্রবার রাত ১ টার দিকে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। এর পর তিনি তার সন্তানকে নিয়ে মিটফোর্ড হাসপাতালের কোয়ার্টারে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে শিশুর কান্নার শব্দে তার ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান নূর হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে নুরুল ইসলাম পালিয়ে যাচ্ছে। এসময় তার চিৎকারে উপস্থিত জনতা নুরুল ইসলামকে আটক করে।
তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে।
এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
