ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৭০
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে শনিবার দুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ ব্যক্তি নিহত ও ৭০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ২টার দিকে জয়পুর বাসস্ট্যাণ্ডের কাছে ধামরাই যাওয়ার সময় একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি সড়কের দুপাশে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরও ৭০ জন। তাদের মধ্যে সাথী, দেলোয়ার, রুপালী, গোলাপী, জনী, হাবিব, সবুজ, মোহাম্মদ আলী, শেফালী, রেখা, হানিফ, মিজানুর, ফিরোজ, মোস্তফাসহ গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপর এক বাস যাত্রী মারা যান।
খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও র্যাব সদস্যরা একযোগে উদ্ধার অভিযানে নামে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রশিদ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে নিহত তিন জনের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
