মোহনপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ, ভাংচুর
মোহনপুর উপজেলার কেশরহাটের ইসলামিয়া জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শুক্রবার এক নবজাতকের মৃত্যুর অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকটিতে ব্যাপক ভাংচুর চালায়।
ক্লিনিকটি বন্ধের দাবিতে তারা বিক্ষোভও করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার ইসলামিয়া হাসপাতালে উপজেলার তিলাহারি গ্রামের পলাশ আহমেদের স্ত্রী রুজুফা অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন।
রুজুফার স্বামী জানান, এরপর থেকে ইসলামিয়া হাসপাতালে তিনদিন কোন চিকিৎসক ছিল না। শুক্রবার সকালের দিকে নবজাতকের সামান্য জ্বর হয়। একথা নার্স মাসুরা বেগমকে জানানো হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাচ্চাকে একটি খাওয়ার ট্যাবলেট দেন। বেলা ১২ টার দিকে ট্যাবলেটটি গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়ানোর কিছুক্ষণ পরেই মুখ দিয়ে লালা পড়তে পড়তে শিশুটি মারা যায়।
তিলাহারি গ্রামে এ খবর পৌঁছালে শিশুটির বাবা পলাশ ও তার পরিবারের লোকজন ইসলামিয়া হাসপাতালে ছুটে আসেন। স্থানীয় লোকজনসহ তারা ওই ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালায়। নার্স ও আয়ারা পালিয়ে যান। ক্লিনিক মালিক ডা. ইসাহাক আলি এ সময় বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি।
বিক্ষুদ্ধ জনতা ক্লিনিকটি বন্ধের দাবিতে কেশরহাটে বিক্ষোভ ও সমাবেশ করে। এর আগেও এ ক্লিনিকে বেশ কয়েকবার ভাংচুর করা হয়েছে।
মোহনপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেছেন, ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নিরাপত্তার প্রয়োজনে ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
