২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্টেইনারবাহী জাহাজের আঘাতে চট্টগ্রাম বন্দরের সাইলো ও টিএসপি জেটির ব্যাপক ক্ষয়ক্ষতি

সিঙ্গাপুরের কন্টেইনারবাহী একটি জাহাজের আঘাতে শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের সাইলো ও টিএসপি জেটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) জাহাজটি আটক করেছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ না করা পর্যন্ত এর চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বন্দর সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রপ্তানি পণ্যের ৫৭০টি কন্টেইনারবাহী জাহাজ ‘কোতা বার্জায়া’র চালক স্টিয়ারিং হুইলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল থেকে যাত্রা শুরুর পর জাহাজটি প্রথমে ক্ষুদ্র সাইলো জেটিতে এবং পরে ট্রাই সুপার ফসফেট (টিএসপি) নামে পরিচিত আরেকটি জেটিতে আঘাত করে। এতে উভয় জেটিরই বিভিন্ন অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় সাইলো জেটির পল্টুন ও পিলার ভেঙ্গে গেছে। এছাড়া টিএসপি জেটি এবং দুর্ঘটনাকবলিত জাহাজটিরও আংশিক ক্ষয়ক্ষতি হয়।    

তবে অপর একটি সূত্র জানায়, জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজটি বর্তমানে জেটির কাছে নোঙ্গর করা অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হেফাজতে আছে। কিন্তু দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন করা যায়নি।

এ ঘটনায় সিপিএ হার্বার মাস্টার ক্যাপ্টেন জাফরুল্লাহকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অপর সদস্য হলেন ডেপুটি টার্মিনাল ম্যানেজার (অপারেশন)। কমিটিকে পরবর্তী ৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।