২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত হওয়ার খায়েশে নিজের দোকানে আগুন!

বিতর্কিত হওয়ার খায়েশে ‘বিবর্তিত বর্তমান’ নামের একটি বইয়ের লেখক জলন্ত মোশারফ ইবনে হাই নিজ হাতে নিজের দোকানে আগুন লাগিয়েছেন। এতে পুড়ে যায় পাশের দুটি দোকানও।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

কটিয়াদী উপজেলা সদরের সিঅ্যান্ডবি রোডের একটি মার্কেটে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাঈদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত আলোচিত হওয়ার জন্যই মোশারফ নিজ দোকানে আগুন লাগিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাশের দোকানিরা জানান, মোশারফের বাড়ি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামে। এক বছর আগে তিনি ওই দোকানটি ভাড়া নেন। প্রতিভা প্রকাশনী নামের এই দোকানটিতে ফোন, ফ্যাক্স, কম্পিউটার কম্পোজ, ফটোস্ট্যাট, বই, পোস্টার ও সিডি বিক্রি করা হতো।

চলতি মাসের প্রথমদিকে মোশারফ ‘বিবর্তিত বর্তমান’ নামে একটি বই লেখেন যাতে চারদলীয় জোট, পুলিশ প্রশাসন ও ইসলামবিরোধী প্রবন্ধ রয়েছে। 

দোকানিরা বলেন, তার ধারণা ছিল বইটি প্রকাশের পর তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক মিটিং--মিছিল ও ভাংচুর হবে। এগুলো মিডিয়া জগতে প্রচার হবে এবং তিনি আলোচিত হয়ে উঠবেন। তবে বাস্তবে এর কিছুই না ঘটায় তিনি নিজেই নিজের বিরুদ্ধে মিছিল করানোর জন্য কয়েকটি মাদ্রাসায় গিয়ে টাকা দিতে চেয়েছিলেন বলেও তারা উল্লেখ করেন। 

এতেও তার বিরুদ্ধে আন্দোলন না হওয়ায় বৃহস্পতিবার রাত বারোটার দিকে তিনি দোকানে আসেন। এরপর পাশের দোকান তানিয়া সুজ থেকে একটি মোমবাতি জ্বালিয়ে নিজের দোকানের তালা খোলেন এবং কিছুক্ষণ পর বেড়িয়ে যান।

এর পরপরই আশপাশের দোকানিরা তার দোকানে আগুন দেখতে পান। কিছুক্ষণের মধ্যে ওই আগুন পাশের রড--সিমেন্ট ও মেশিনারিজ সামগ্রীর দোকানে ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকান তিনটি ভস্মীভূত হয়।

ব্যবসায়ীরা দাবি করছেন, এতে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সপ্তাহখানেক আগে মোশারফ তার নিজের দোকানের মূল্যবান মালামাল সরিয়ে ফেলেন বলেও তারা জানান।

কিশোরগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনার থেকে মোশারফ গা ঢাকা দেন। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাঈদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত আলোচিত হওয়ার জন্যই মোশারফ নিজ দোকানে আগুন লাগিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।