সংলাপে সমঝোতা না হলে সবার দৃষ্টি থাকবে বঙ্গভবনে
সংলাপের মাধ্যমে কোনো সমঝোতা না হলে ক্ষমতাসীন জোট সরকার দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য রাষ্ট্রপতিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাতে পারে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। সেক্ষেত্রে সবার দৃষ্টি রাষ্ট্রপতি ভবনমুখী হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার সকাল সাড়ে ১১টায় সৌদি আরব থেকে দেশে ফিরে এ ব্যাপারটি সহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে সূত্র জানিয়েছে।
অষ্টম জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ২৭ অক্টোবর। এর পরপরই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা।
সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, দ্ইু দলের মহাসচিবদের মধ্যে সংলাপ থেকে কোনো সমঝোতা না হলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর রাষ্ট্রপতিই নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে উদ্যোগ নিতে পারেন। তখন সবার দৃষ্টি রাষ্ট্রপতির দিকেই থাকবে।
সোমবার ২৩ অক্টোবর সকাল ১১ টায় সংসদ ভবনে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ষষ্ঠ দফা সংলাপে বসবেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমেই সংলাপের ইতি টানা হবে। তবে এতে বিরোধী দলের সংস্কার প্রস্তাবের প্রধান দাবি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি কে এম হাসান ও প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত হবে কি--না এ নিয়ে ব্যাপক সংশয় আছে দুই দলে।
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। তিনি এসেই আওয়ামী লীগ প্রেসিডিয়াম ও ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, ‘বিরোধী দল যদি সত্যিকার অর্থে দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তবে অবশ্যই সংলাপ থেকে একটি আপোস ফর্মুলা বেরিয়ে আসবে। সরকার আন্তরিকভাবে চায় সংবিধানের বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকেই প্রয়োজনীয় সংস্কার করতে।’
তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ জানান, ‘সরকার যদি কেএম হাসান ও এম এ আজিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে কোনোভাবেই দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না। এই দুজনের প্রশ্নে কোনো আপোস আমরা করব না। এখন সংলাপের বল বিএনপি তথা সরকারের কোর্টে। দেখা যাক প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত দেন।’
এদিকে বৃহস্পতিবার রাতে শীর্ষ ব্যবসায়ী নেতারা বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শীর্ষ ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন ও আনিসুল হক দুই নেতার সঙ্গে দেখা করে সংলাপের মাধ্যমে একটা সমঝোতায় আসার অনুরোধ জানিয়েছেন।
