চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
চাঁদপুরের পালবাজারে বুধবার রাত ৯ টার দিকে এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহতের নাম আবদুল হক (৪০)। তিনি স্থানীয় পৌরসভার মশক নিধন কর্মী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুরের পুরান বাজার থেকে নতুন বাজারগামী ওই ট্রাকটি মাত্র ৯ ঘণ্টা আগে উদ্বোধন হওয়া ব্রীজ পেরিয়ে কয়েক গজ আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশের একটি দোকানে ট্রাকটি ঢুকে পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়। এছাড়া আহত হয় আরও ছয়জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
