২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর মৃত্যুতে চট্টগ্রামে পোশাক কারখানা ভাংচুর, আহত ১০

এক সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বুধবার চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুরের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এ ঘটনার পর পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১০ কর্মী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেনল্ড ডিজাইন লিমিটেড নামে ওই পোশাক কারখানার একটি কভার্ড ভ্যানের ধাক্কায় খালেদা বেগম (৪৫) নামে কারখানার এক কর্মী নিহত হন। সকাল সাড়ে সাতটায় নগরীর সাগরিকা রোডে এ ঘটনা ঘটে।

এ খবর জানার পর নিহতের কয়েকশ সহকর্মী প্রথমে ওই ভ্যানটি জ্বালিয়ে দেয় এবং পরে কারখানার ভেতরে ঢুকে বাইরের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। এরপর তারা কারখানার অনেকগুলো জানালা এবং বেশ কয়েকটি সেকশন ভাংচুর করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুদ্ধ কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ কর্মী আহত হয়। এর অধিকাংশই নারী। এদেরকে পরে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এরপর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুপুর ১২টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।