চট্টগ্রামে ২ জেএমবি নেতার ২০ বছর করে কারাদণ্ড
চট্টগ্রামের একটি আদালত বুধবার জেএমবির দুইজন আঞ্চলিক কমান্ডারের প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত জেএমবির ওই দুই নেতাকে অস্ত্র ও বিস্ফোরক রাখার দায়ে এ দণ্ড দেওয়া হয়।
চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ একরামুল হক চট্টগ্রাম বিভাগের জেএমবি কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ এবং কক্সবাজারের কমান্ডার নাইমুজ্জামান ওরফে সোহাগকে ২০ বছর করে কারাদণ্ড প্রদানের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর র্যাব চট্টগ্রাম -৭ এর সদস্যরা নগরীর কাট্টালি এলাকার গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, লিফলেট এবং জিহাদি বইসহ তাদের দুজনকে গ্রেফতার করে।
পাহারতলী থানা পুলিশ এ ঘটনায় ওই দুই জেএমবি নেতার নামে পৃথক দুটি মামলা দায়ের করে এবং এ বছরের ২১ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।
আদালত ১০ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় প্রদান করেন। চট্টগ্রামে এই প্রথম জেএমবি সদস্যদের বিরুদ্ধে আদালত রায় প্রদান করলেন।
