ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন-অর-রশীদকে এবার হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশীদকে এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় অধ্যাপক হারুনের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘আপনি আমাদের কাছ থেকে লোক প্রশাসন বিভাগের ১১ জন শিক্ষার্থী ভর্তির জন্য পাঁচ লাখ টাকা আদায় করেছেন। তাই এসব শিক্ষার্থীকে বাদ দেওয়ার আগে ওই পাঁচ লাখ টাকা পরিশোধ করবেন’।
এতে আরো বলা হয়েছে, ‘আমরা চাই না অধ্যাপক আফতাব উদ্দিনের মতো আপনি অকালে মৃত্যুবরণ করেন। আপনি এসব শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিলে আমরা নিজ হাতে আপনার জীবন নষ্ট করে দেব। সাতদিনের মধ্যে ভুয়া ভর্তির কথা প্রত্যাহার করা না হলে এ চিঠি শেষ চিঠি হবে’।
চিঠির নিচে আবু সাঈদ নামে এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অধ্যাপক হারুনকে হুমকির নিন্দা জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনের শাসনের অনুপস্থিতির জন্য এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অধ্যাপক হারুনের হুমকিদাতাদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
সরকার রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এ ঘটনায় তারই প্রমাণ মিলেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ১১ জন শিক্ষার্থীর ভর্তির ঘটনায় বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়।
