রাজশাহীর বরেন্দ্র কলেজে কী হচ্ছে?
রাজশাহী মহানগরীর বরেন্দ্র কলেজের গ্রন্থাগারিক পদে বিধি বহির্ভূতভাবে জেলা যুবদলের সভাপতির স্ত্রীকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক এ অভিযোগ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরেন্দ্র কলেজের পরিচালনা পরিষদ ও জেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপুর স্ত্রী বর্তমানে ওই কলেজের সহকারী গ্রন্থাগারিক পদে কর্মরত আছেন। নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজে শুধুমাত্র একজন সহকারী গ্রন্থাগারিকের নিয়োগ পাওয়ার কথা থাকলেও সেখানে সরাসরি গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, সহকারী গ্রন্থাগারিককে গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়ার জন্য তড়িঘড়ি করে ১০ অক্টোবর স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে গ্রন্থাগারিক পদে আগ্রহী প্রার্থীদের পাঁচ দিনের মধ্যে দরখাস্ত জমা দেওয়ার কথা বলা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মাথায় একই পত্রিকায় আরও তিন দিনের সময় বাড়িয়ে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবারও দরখাস্ত আহ্বান করা হয়। পরের বিজ্ঞপ্তিতে প্রার্থীদের মূল শিক্ষাগত যোগ্যতা কমিয়ে অভিজ্ঞতাস¤পন্ন হতে হবে বলে উল্লেখ করা হয়।
কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করে বলেছেন, যুবদল নেতার স্ত্রীকে নিয়োগ দেওয়ার জন্যই দ্বিতীয় দফা নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতায় সংশোধনী আনা হয়।
জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়া ঈদের পরপরই সম্পন্ন হবে।
কলেজের এক অভিজ্ঞ শিক্ষক জানান, বরেন্দ্র কলেজকে ডিগ্রী কলেজে উন্নীত করা হবে না শর্ত দিয়েই ১৯৯৫ সালে সরকারের কাছে কলেজের বহুতল ভবন নির্মাণের অনুমতি নেওয়া হয়। কাজেই এখানে ডিগ্রী ক্লাশ খোলা আইনগতভাবেই সম্ভব নয়।
ডিগ্রী ক্লাশের অনুমোদন না নিয়েই শুধুমাত্র যুবদলের নেতার স্ত্রীকে নিয়োগ দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন।
তবে এ অভিযোগের সত্যতা স্বীকার করেননি জেলা যুবদল সভাপতি ও ওই কলেজের গভর্নিং বডির সভাপতি তোফাজ্জল হোসেন তপু। তিনি বলেছেন, গভর্নিং বডি দরখাস্ত আহ্বান করলে যে কেউ নিয়মানুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তি বিধি মোতাবেকই হবে। খুব শিগগিরই বরেন্দ্র কলেজে ডিগ্রী কোর্স খোলা হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান কোন মন্তব্য করতে অস্বীকার করেন।
ডিগ্রী কোর্স চালু না করেই গ্রন্থাগারিক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কলেজের পরিচালনা পরিষদই ভালো বলতে পারবেন। আমি বিশেষ কিছু জানি না’।
