নড়াইলে মহিলাসহ ২ গাড়ি ছিনতাইকারী গ্রেপ্তার
পুলিশ মঙ্গলবার নড়াইলে গাড়ি ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
তারা হলো রাজবাড়ী জেলার সেলিনা আক্তার (৩০) ও নড়াইল শহরতলীর বরাশুলা গ্রামের বাবুল (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা আক্তার ও বাবুলসহ তিনজন সোমবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়। রাত দু’টার দিকে মাইক্রোবাসটি নড়াইলের নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে ছিনতাইকারী বাবুল গাড়িটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ সময় চালকের সাথে বাবুলের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুটিকে ধাক্কা দেয়। পরে ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ছিনতাই করা মাইক্রোবাসটি নড়াইল সদরের কমলাপুর গ্রাম থেকে উদ্ধার করে। এছাড়া এ সময় পুলিশ তিন ছিনতাইকারীর দু’জনকে গ্রেপ্তার করে।
বাবুল ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
