২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে বেকারের সংখ্যা ৫ কোটিতে দাঁড়াবে: সুপ্র

‘বাংলাদেশে জিডিপি ও মাথাপিছু আয় দিনদিন বাড়লেও দেশের দারিদ্র পরিস্থিতি চরম আকার নিচ্ছে। জনগোষ্ঠীর বড় একটি অংশই উন্নয়ন কর্মকাণ্ডের বাইরে থেকে যাচ্ছে।’ সোমবার সকালে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর রাজশাহী জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ সব বলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এর আগে বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে সুপ্র নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সেবা খাত ধীরে ধীরে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার কারণে দারিদ্রের প্রকোপ দিনদিন বেড়ে যাচ্ছে বলেও বক্তারা অভিমত দেন।

মহানগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দারিদ্র দূরীকরণ ও বেকারত্ব প্রসঙ্গে তারা বলেন, দারিদ্র দূর করতে বাংলাদেশের সময় লাগবে আরও ১০০ বছর। এছাড়া ২০১৫ সালে বাংলাদেশে বেকারের সংখ্যা দাঁড়াবে পাঁচ কোটির মতো।

বিশ্ব ব্যাংক, আইএমএফ ও আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সমালোচনা করে বক্তারা বলেন, বাণিজ্যের মাধ্যমে পৃথিবী থেকে দারিদ্র দূর করার ম্যান্ডেট নিয়ে এই সংস্থাগুলোর জন্ম হয়েছিল। অথচ এদেরই দ্বৈত মানদণ্ডের কারণে ২০ বছরে বিশ্ব বাণিজ্যে স্বল্পন্নোত দেশগুলোর অংশগ্রহণ শতকরা ১ ভাগ থেকে কমে দাঁড়িয়েছে ০ দশমিক ৪ শতাংশে। স্বল্পোন্নত দেশের সংখ্যাও ২২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০ এ। এসব প্রতিষ্ঠান বাংলাদেশের মতো গরিব দেশে ১ ডলার বিনিয়োগ করে ৩ ডলার আয় করছে এবং বাংলাদেশ হলো এদের তৃতীয় বৃহত্তম ঋণ গ্রহীতা। এবছর বাংলাদেশের ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। অথচ দারিদ্র দূরীকরণের হার বছরে ১ দশমিক ৫ ভাগ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা সুপ্রর সভাপতি অধ্যাপক ফজলুল হক, কেন্দ্রীয় সহসভাপতি মোস্তাফিজুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মিল্লাত ও সদস্য মঞ্জুয়ারা খাতুন।