রাজশাহীতে অস্ত্রের মুখে এক গৃহবধুর ভিটেবাড়ি লিখে নিয়েছে সন্ত্রাসীরা, গ্রেফতার ৪
রাজশাহী মহানগরীর শিরইল খাদ্য গুদাম এলাকায় এক গৃহবধুকে ১২ ঘন্টা আটকে রেখে অস্ত্রের মুখে তার ভিটেবাড়ি লিখে নিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের মারধরে আসমা বেগম নামে ওই গৃহবধু ও তার স্বামী মোহাম্মদ ছোটকা গুরুতর আহত হয়।
এই ঘটনায় বোয়ালিয়া থানা পুলিশকে বারবার খবর দেওয়া সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পরে র্যাব সদস্যরা রোববার রাতে তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় সোমবার সকালে আসমা বেগম বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা গেছে, রোববার ভোরে রাজশাহী বিডিআরের একটি টহল দল মতিহার থানার সাহাপুর সীমান্ত এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিল আটক করে। এই ঘটনার জের ধরে সকাল আটটার দিকে শিরইল তিন নম্বর গলি এলাকার মাদক ব্যবসায়ীসহ ৮/১০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে আসমা বেগমকে তুলে নিয়ে যায়। এ সময় আসমার স্বামী তাদের বাধা দিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা আসমাকে শিরইল রেলওয়ে স্টেশন সংলগ্ন খাদ্য গুদামের ভেতরে নিয়ে মারধর করে। আসমা বেগমের ছেলে আসাদ বিডিআরকে খবর দিয়ে তাদের ৬০০ বোতল ফেনসিডিল ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে অস্ত্রের মুখে আসমাকে স্ট্যাম্পের ওপর টিপসই দিয়ে তার ভিটেবাড়ি লিখে নেয়। সন্ত্রাসীরা আসমাকে জানায়, তার ছেলেরা ফেনসিডিল ধরিয়ে দিয়ে তাদের যে পরিমাণ ক্ষতি করেছে তা তুলে নেওয়ার জন্যেই তার ভিটেবাড়ি লিখে নেয়া হয়েছে।
আসমার পরিবারের লোকজন অভিযোগ করেন, এ ঘটনার পর বোয়ালিয়া থানা পুলিশকে বার বার খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। কোন উপায় না দেখে আসমার ছোট ছেলে নওশাদ (১৩) রাজশাহী র্যাবের প্রধান কার্যালয়ে খবর দেয়। র্যাব সদস্যরা রাত ৮ টার দিকে শিরইল খাদ্য গুদামের ভেতরে ঢুকে আসমাকে উদ্ধার করে।
র্যাব এসময় ফজলু, বাশের, খসরু ও আফসার নামের চার সন্ত্রাসীকে আটক করলেও আরও কয়েকজন পালিয়ে যায়। আটক চারজনকে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার একটি মামলা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল বলেন, এধরনের কোন অভিযোগ থানায় পৌঁছেনি। অভিযোগ পেলে থানা পুলিশ তাকে উদ্ধার করতো। তাছাড়া লোকজন থানায় পরে সংবাদ দেয়।
