ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রকে জবাই করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শাকিব খানকে (১৪) জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে কসবা উপজেলার আড়াইবাড়ির কসবা--সৈয়দাবাদ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার দুপায়ের রগ কাটা ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় ইফতার শেষে শাকিব কসবা নতুন বাজারে তাদের মুদি দোকান থেকে বাড়ির দিকে রওনা হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সোমবার সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে শাকিবের সাথে প্রতিবেশী টিএল কলেজের ছাত্র অলি মিয়ার একটি মুরগী নিয়ে ঝগড়া হয়। এসময় অলি তার রগ কেটে ফেলার হুমকি দিয়েছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
