নোবেল জয়ী ইউনূসের পরবর্তী স্বপ্ন দারিদ্রমুক্ত বাংলাদেশ
শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস রোববার বলেছেন, বাংলাদেশকে প্রকৃত দারিদ্রমুক্ত দেশে পরিণত করাই তার পরবর্তী স্বপ্ন।
প্রথম ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রচলন করা চট্টগ্রামের জোবরা গ্রামের নবযুগ তেভাগা খামারে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, এমন দিন খুব বেশী দূরে নয় যখন ১০ লাখ টাকার বিজ্ঞাপন প্রকাশ করেও দেশে একজন দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না।
ড. ইউনূস বলেন, ‘জোবরা গ্রামই স্বনির্ভরশীলতা তত্ত্বের জন্ম দিয়েছে। এখন অনেক দেশের রাষ্ট্রপ্রধানই জোবরা গ্রামের সাথে পরিচিত হতে চাচ্ছেন, যদিও তারা বাংলাদেশ সম্পর্কে অনেকটাই অজ্ঞাত। সে কারণে নোবেল পুরস্কার গ্রহণের অল্প সময়ের মধ্যেই আমি আবারো জোবরা গ্রামে আসবো বলে মনস্থির করেছি এবং জোবরা গ্রামের সকল অধিবাসীকে আমি আমার শ্রদ্ধা জানাতে এখানে এসেছি’।
তিনি বলেন, এই গ্রামটি সমগ্র জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছে, সে কারণেই এখানে কোন দরিদ্র লোক থাকা উচিত নয়।
তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি তত্ত্ব সম্পর্কে ইউনূস বলেন, গ্রামীণের প্রকল্প দরিদ্রদের জন্য, ধনীদের জন্য নয়।
তিনি বলেন, ‘স্থানীয় সমস্যা সুরাহার জন্য আমরা সবসময় বিদেশী পরামর্শকের সন্ধান করি। কিন্তু জোবরা গ্রামে কি কোন পরামর্শককে আমন্ত্রণ জানানো হয়েছিলো প্রশ্ন করে তিনি বলেন, বিদেশী পরামর্শকদের স্থানীয় সমস্যা অনুধাবনের কোন ক্ষমতা নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহণকারী মৃত সুফিয়া খাতুনের মেয়ে হালিমা খাতুন নোবেল জয়ীকে পুস্পমাল্য দিয়ে অভিনন্দন জানান।
এর আগে জোবরা গ্রাম সফরের পথে অধ্যাপক ইউনূস তার সাবেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ পরিদর্শন করেন।
উপাচার্য অধ্যাপক এম বদিউল, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় তাকে উষ্ণ সংবর্ধনা জানান।
উপাচার্য তার ভাষণে নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নাম ‘অধ্যাপক ইউনূস ভবন’ রাখা হবে বলে ঘোষণা দেন।
এছাড়া অন্য শিক্ষকরা অধ্যাপক ইউনূসকে ‘ডক্টরস অব সায়েন্স’ উপাধি দেওয়ারও দাবি জানান।
পরে রোববার সন্ধ্যায় অধ্যাপক ইউনূস ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন।
