গ্রামীণ নারীর সততাই ইউনূসকে এ স্বীকৃতি এনে দিয়েছে: বাগেরহাটে বক্তারা
বাংলাদেশের গ্রামীণ নারীর সততার স্বীকৃতিই আজ অধ্যাপক ইউনূসকে নোবেল পুরস্কার লাভের বিরল সুযোগ করে দিয়েছে। নোবেল পুরস্কার অর্জনের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বাংলাদেশের গ্রামীণ নারীর চলমান সফলতা বিশ্বব্যাপী সম্মানিত হয়েছে।
রোববার বাগেরহাটে ‘গ্রামীণ নারীরাই আগামী দিনের নেতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
‘বিশ্ব গ্রামীণ নারী দিবস’ উপলক্ষে ‘রূপান্তর’ এর উদ্যোগে ২২টি সংগঠন আয়োজিত দিনব্যাপী আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের গ্রামীণ নারী সততার সাথে ঋণের কিস্তি পরিশোধ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে সফল করে তুলেছে। তবুও নারীরা নিজ পরিবার এবং চারিপাশের সমাজে নির্যাতন ও অবহেলার শিকার হচ্ছেন। সুতরাং নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতন বন্ধ না করা পর্যন্ত প্রকৃত অর্থে গ্রামীণ নারীর স্বনির্ভরতা আসবে না।
‘নারী দিবস’ উদযাপন কমিটির চেয়ারপার্সন ও পৌর ওয়ার্ড কমিশনার কাজী গোলাম মোস্তফা লাভলুর সভাপতিত্বে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা রেহানা পারভীন লাকি, নারী নেত্রী আম্বিয়া বেগম, রূপান্তর এর নারী কর্মী রিজিয়া পারভীন।
বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পারিবারিক নির্যাতন বন্ধে প্রচারাভিযান, ইউনিয়ন পর্যায়ে র্যালী, আলোচনা সভা ও পরিবার থেকে পরিবারে পদযাত্রা।
