নোবেল পুরস্কারের জন্য পিতার প্রতি ইউনূসের শ্রদ্ধা
‘আজ আমি আমার বাবাকে গভীর দুঃখের সাথে স্মরণ করছি। আজ তিনি বেঁচে থাকলে আমার এই পুরস্কার প্রাপ্তিতে তিনিই সবচেয়ে বেশি খুশী হতেন। তাঁর অনুপস্থিতি আজ আমার বুকে বেশি করে বাজছে’।
রোববার সকালে চট্টগ্রাম ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের কাছে এভাবেই তার অনুভূতি ব্যক্ত করলেন।
তিনি বলেন, আমার পিতামাতাই আমার উৎসাহের মূলশক্তি। কিন্তু আমার এই পুরস্কার পাওয়ার আগেই আমার পিতা চলে গেছেন।
তিনি বলেন, ‘আমার বাবা মনেপ্রাণেই বিশ্বাস করতেন যে তাঁর ছেলে একদিন নোবেল পুরস্কার পাবে। তিনি প্রায়ই আমাকে জিজ্ঞাসাও করতেন কবে এই পুরস্কার আমি পাবো।’ কথাগুলো বলার সময় ড. ইউনূসের চোখ ছলছল করছিল।
এর আগে তিনি তার বাবা--মায়ের কবর জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ড. আফরোজা ইউনূস, তাঁর ভাই এবং আত্মীয়স্বজনরা।
