চাকরি স্থায়ীকরণের দাবিতে রাবি কর্মচারিদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত গণনিয়োগপ্রাপ্ত ৫৪৪ সিরিজের কর্মচারিরা রোববার ঢাকা--রাজশাহী মহাসড়ক আবরোধ কর্মসূচি পালন করেছে।
জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মচারিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে ঢাকা--রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন কর্মচারি পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সদর। সমাবেশ থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে সোমবার ওই সিরিজের কর্মচারিদের কালো ব্যাজ ধারণ ও মঙ্গলবার প্রশাসন ভবনের সামনে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাবি উপাচার্য প্রফেসর ড. এম আলতাফ হোসেন জানান, ৫৪৪ কর্মচারিদের নিয়োগ স্থায়ীকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথারীতি কাজ করে যাচ্ছে। কিন্তু বিষয়টি আদালতের এখতিয়ারাধীন থাকায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে।
