২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট খাতে বছরে ২১ কোটি টাকা অবৈধ লেনদেন

কেবল ঢাকা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই দালাল, সংশ্লিষ্ট কর্মকর্তা--কর্মচারী ও পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ কর্মকর্তারা বছরে অবৈধভাবে ২০ কোটি ৮৩ লাখ টাকা আদায় করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

দালালদের সহযোগিতায় পাসপোর্ট অফিসের কর্মকর্তা--কর্মচারীরা ১৩ কোটি ৮১ লাখ এবং পুলিশের বিশেষ শাখা সাত কোটি দুই লাখ টাকা আদায় করে ।

শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি ও দুর্নীতি: পরিত্রাণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানানো হয়।

টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে বৈঠকে উপস্থাপিত একটি গবেষণার ফলাফলে দেখা যায়, ঢাকার পাসর্পোট অফিসে প্রতি বছর অবৈধভাবে সাত কোটি ৪৯ লাখ টাকা কর্মকর্তাদের ও ছয় কোটি ৩২ লাখ টাকা দালালদের পকেটে যায়। প্রভাবশালী দালালরা ‘পাসর্পোট আবেদনপত্র (দলিল) লেখক সমিতি’ গড়ে তুলেছে যেখানে প্রত্যেক দালাল ৫শ থেকে ১০০০ টাকা চাঁদা দেন। এই তহবিল নিকটস্থ থানা, ট্রাভেল এজেন্সিসহ বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে সন্তুষ্ট করার কাজে ব্যবহৃত হয়।

সরকারি হিসেব মতে, ২০০১-০৬ সালের মে মাস পর্যন্ত ৫৭ লাখ ২৩ হাজার ৫শ পাসপোর্ট ইস্যু বাবদ সরকারের আয় হয়েছে ১৫৭৮ কোটি ৭৪ লাখ টাকা। অথচ এই সেবা খাতে রাজস্ব ব্যয় বরাদ্দ হয়েছে মাত্র ৯৯ কোটি ৭৫ লাখ টাকা। ঢাকাসহ মোট ১৫টি আঞ্চলিক অফিসে মোট ১০০টি পদ খালি আছে। এর মধ্যে কেবল ঢাকা অফিসের জন্য ৮৭টি অনুমোদিত পদের বিপরীতে এখনও ১৩টি পদ শুন্য। অথচ বাড়তি কাজের চাপ সামলাতে অফিস সময়ের পরেও বিভিন্ন সেকশনে দৈনিক চুক্তিতে বহিরাগত ১৮ জন কাজ করেন। এদেরকে বন্ধের দিনও পাসপোর্ট অফিসে কাজ করতে দেখা যায়।

প্রফেসর মোজাফ্ফর আহমদ জনবলের স্বল্পতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে পাসর্পোট খাতে দুর্নীতির সুযোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, ওভারটাইম ছাড়াই একজন পাসর্পোট লেখককে প্রতিদিন ১৫০টি পাসর্পোট লিখতে হয়। অথচ চাকরির বিধিমালা অনুযায়ী তার ৪৫টি পাসপোর্ট লেখার কথা। অতিরিক্ত চাপের কারণে লেখায় ভুলভ্রান্তি হওয়ায় পাসপোর্ট গ্রহীতারা ইমিগ্রেশনে হয়রানির শিকার হন। এছাড়া এ সময় তদন্তকারী পুলিশ অফিসারদের ভ্রমণভাতা নামমাত্র হওয়ায় (থানা থেকে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণভাতা প্রতি কি.মি. মাত্র ৫০ পয়সা হিসেবে) তাদের দুর্নীতির সুযোগ থেকে যায়।

তিনি অভিযোগ করেন, এ বিষয়টি নিয়ে গবেষণা করার সময় নিরপেক্ষতার স্বার্থে পাসপোর্ট কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও তারা কোনোরকম সাড়া দেননি।

পাসর্পোট প্রদান সেবাকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে টিআইবি বেশ কিছু সুপারিশ করে। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধিসহ অফিসগুলোর ভৌতকাঠামো উন্নয়নে বাজেট বাড়ানো, তথ্য সংরক্ষণে সরকারি পর্যায়ে ডাটাবেজ তৈরি, মেশিন রিডেবল পাসর্পোট তৈরি, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট প্রত্যাহার এবং সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের সাহায্যে সুনির্দিষ্ট বিধিমালার আওতায় বিকল্প এজেন্সি ব্যবস্থা চালু।