৪৮ ঘণ্টা পরও এমভি শাহ বদর - ১ উদ্ধার হয়নি
চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরও হালকা জাহাজ এমভি শাহ বদর ১ উদ্ধার করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।
বন্দর কর্মকর্তারা জানান, জাহাজ উদ্ধারে ব্যর্থ সিপিএ বন্দর চ্যানেলে জাহাজ চলাচল অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। কর্তৃপক্ষ ডুবে যাওয়া জাহাজটি ঘিরে শুক্রবার তিনটি বয়া স্থাপন করেছে। এ সময়ের মধ্যে পাঁচটি জাহাজ বন্দরে ভিড়েছে এবং একটি জাহাজ বিশেষ সতর্কতার সাথে বন্দর থেকে ছেড়ে গেছে।
নৌ পরিবহন সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিপিএ কর্মকর্তারা শুক্রবার জাহাজ ডুবে যাওয়ার স্থানটি পরিদর্শন করেছেন। বুধবার রাতে বন্দর চ্যানেলের মাঝামাঝিতে জাহাজটি ডুবে যায়।
সিপিএর চেয়ারম্যান এএমএম শাহাদাত হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, ‘অতিরিক্ত বোঝাই হওয়ায় এবং তলায় ছিদ্র হয়ে যাওয়ায় জাহাজটি চ্যানেলের গভীর পানিতে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি উদ্ধার করা কঠিন হবে এবং সময় লাগবে।’
বন্দর প্রধান জানান, জাহাজের মালিক শনিবার সকালের মধ্যে উদ্ধার কাজ শুরু করতে না পারলে নিয়মানুযায়ী তারা এ দায়ভার নেবেন এবং প্রয়োজন বুঝে উদ্ধারের জন্য স্থানীয় এবং বিদেশি উদ্ধার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে।
আমদানিকৃত ১ হাজার ৪ টন গম বোঝাই জাহাজ এমভি শাহ বদর ১ বুধবার রাত নয়টার দিকে বন্দরে প্রবেশের পথে ১৫ নং জেটির কাছে ডুবে যায়।
সিপিএ চেয়ারম্যান বলেন, সিপিএর উদ্ধারকারী দল কান্ডারি এবং বিএনএস উদ্ধার যান নিয়ে চেষ্টা চালিয়ে শুক্রবার পর্যন্ত উদ্ধার প্রক্রিয়ায় সফল হতে পারেনি।
তিনি জানান, উদ্ধার কাজের পাশাপাশি মার্কেনটাইল ম্যারিন ডিপার্টমেন্টের দুটি তদন্ত কমিটি এবং সিপিএ এ ব্যাপারে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এক সপ্তাহের মধ্যেই কমিটিগুলো তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে বলে সূত্র জানিয়েছে।
জাহাজটি ডুবে যাওয়ার পরপরই হালকা জাহাজ এমভি টিটু ১০ এটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে।
