২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের মধ্যে দরিদ্রতম মানুষের জন্য যিনি

বাংলাদেশে ক্ষুদ্রঋণ উন্নয়ন ও সম্প্রসারণে অন্যতম ব্যক্তিত্ব ড. মুহম্মদ ইউনূস ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। যেসব দরিদ্র উদ্যোক্তা প্রচলিত ব্যাংক ঋণ পাওয়ার যোগ্য নন তাদের হাতে ঋণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ২০০৬ লাভ করেছেন।

ড. ইউনূসের জন্ম চট্টগ্রামে। লেখাপড়া করেছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক এবং øাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় দারিদ্র দূর করার ব্যাপারে গভীর মনোযোগী হয়ে উঠেন তিনি। ড. ইউনূস আবিষ্কার করেন, দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে ক্ষুদ্রঋণ বিশেষ ভূমিকা রাখতে পারবে।

প্রথম ক্ষুদ্রঋণ তিনি প্রদান করেন একজন গ্রামীণ নারীকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জবরার বাঁশের আসবাবপত্র নির্মাণকারী সেই নারীকে তিনি নিজের পকেট থেকে ২৭ ডলার দিয়েছিলেন।

দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সেই গ্রামের লোকজন বাঁশের জিনিসপত্র তৈরি করে বিক্রি করত। এতে লাভ হতো মাত্র পাঁচ টাকা। এই টাকায় পরিবার পরিজন নিয়ে তাদের পক্ষে চলা খুবই কঠিন হতো। এদিকে এই দরিদ্ররা প্রচলিত ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ পেত না। ঋণ শোধ করার সামর্থ না থাকায় ব্যাংকগুলো তাদের ঋণ প্রদানের ঝুঁকি নিতে চাইত না।

১৯৭৬ সালে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক দরিদ্র ঋণগ্রহীতাদের কাছে ৫ দশমিক ১ বিলিয়ন থেকে ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করেছে। ঋণের টাকা আদায়ের জন্য গ্রামীণ ব্যাংক তাদের নিজস্ব প্রক্রিয়ায় সমবায়ী দল গঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে ঋণ প্রদান করে থাকে।

দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে শুরু করলেও পরবর্তীতে বিকল্প পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রে ঋণ বিতরণ শুরু করে গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্র ঋণের পাশাপাশি গ্রামীণ ব্যাংক গৃহায়ণসহ মৎস্য ও চাষাবাদ প্রকল্পেও ঋণ বিতরণ শুরু করে। এছাড়া যৌথ মূলধন, টেক্সটাইল এবং অন্যান্য কর্মকাণ্ডেও গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করছে। এ ব্যাংকের অন্যান্য ব্যাংকের মতোই সঞ্চয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের এই মডেল উন্নয়নশীল দেশগুলোকেও এ ধরনের কার্যক্রমের ব্যাপারে আগ্রহী করে তুলেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশগুলোও গ্রামীণ ব্যাংকের এ আদর্শে অনুপ্রাণিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের এ আদর্শ বিশ্বের ২৩টি দেশে বর্তমানে অনুসরণ করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষুদ্রঋণ প্রক্রিয়ায় ঋণ বিতরণের ব্যাপারে নারীদের বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।

৯৬ শতাংশেরও বেশিসংখ্যক নারীর মধ্যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। নারীরাই বেশি দারিদ্র্যের শিকার এবং পরিবার পরিচালনায় উপার্জন বাড়ানোর ব্যাপারে এই নারীরা পুরুষের চেয়েও বেশি নিবেদিত।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন প্রদানের ব্যাপারে ছিলেন সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ। ক্লিনটন ‘রোলিং স্টোন’ সাময়িকী এবং তার আত্মজীবনী ‘মাই লাইফ’ গ্রন্থেও এ বিষয়টি উল্লেখ করেছেন।