২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ছিনতাইকালে আটক ১

সাভারের আশুলিয়া থানার কুটুরিয়ায় বৃহস্পতিবার দুপুরে ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে আশুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মজিদ ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে বাসায় ফিরছিলেন। এ সময় চার ছিনতাইকারী দুটি মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করতে থাকে।

আব্দুল মজিদ কুটুরিয়া এলাকার জহর ছান্দা মহল্লায় পৌঁছামাত্র তাকে উদ্দেশ্য করে ছিনতাইকারীরা হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। এতে তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ইব্রাহীম (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে তারা ইব্রাহীমের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

আশুলিয়া থানায় তদন্তকারী কর্মকর্তা সাব--ইন্সপেক্টর জয়নাল আবেদীন জানান, মামলার তদন্তের স্বার্থে অপর ছিনতাইকারীদের নাম প্রকাশ করা হচ্ছে না।