২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আনসার এ্যাডজুটেন্টের বিরুদ্ধে উৎকোচ আদায়ের অভিযোগ

আনসার এমবডিমেন্টের (আতœীকরণ) নামে সাধারণ আনসারদের কাছ থেকে পঞ্চগড়ে জেলা আনসার এ্যাডজুটেন্টের বিরুদ্ধে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এ অভিযোগ পেয়ে সম্প্রতি ঢাকা থেকে একটি তদন্ত টিম পঞ্চগড়ে আসে। তারাও ঘটনার সত্যতা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

আনসার সদস্য আনিছুর রহমান সাংবাদিকদের জানান, জেলা আনসার এ্যাডজুটেন্ট আব্দুস সাত্তার পঞ্চগড় চিনিকলে আত্মীকরণ করানোর নামে তার কাছ থেকে ৮ হাজার উৎকোচ নেন। যথারীতি কাজে যোগদানের জন্য তার নামে অফিস আদেশও জারি হয়। কিন্তু চিনিকলে কাজে যোগদান করতে গিয়ে দেখেন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের আসাদ নামের এক আনসার সদস্য একইপদে কিছুদিন আগে থেকে কর্মরত রয়েছেন।

অভিযোগ রয়েছে, আসাদের কাছ থেকেও জেলা আনসার এ্যাডজুটেন্ট ৬ হাজার টাকা উৎকোচ নিয়েছেন।

এ্যাডজুটেন্ট অফিস সুত্র জানায়, বর্তমান এ্যাডজুটেন্ট পঞ্চগড়ে যোগদানের পর গত তিনমাসে প্রায় ১৫ জন আনসার সদস্যকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আত্মীকরণ করানো হয়েছে। তিনি এদের সবার কাছ থেকেই ৬ থেকে ১৫ হাজার টাকা করে উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে উৎকোচ গ্রহণের অভিযোগ পেয়ে সম্প্রতি ঢাকা থেকে একটি তদন্ত টিম পঞ্চগড়ে আসে। তারা পঞ্চগড় চিনিকলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আত্মীকরণকৃত আনসারদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে অফিসের একটি সূত্রে জানা গেছে।

বর্তমানে আনসার সদস্য আনিছুর রহমানকে তার অভিযোগ প্রত্যাহারের জন্য এ্যাডজুটেন্ট উৎকোচের টাকা ফেরত ও চাকরি প্রদানসহ বিভিন্ন লোভ দেখাচ্ছেন বলেও জানা গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সাত্তার উৎকোচ নেয়ার কথা অস্বীকার করে বলেন, এমবডিমেন্টের কাজ করেন নিচের অফিসাররা। কিছু হয়ে থাকলে তা আমার জানা নেই। তিনি আনিছুরকে বিভিন্ন লোভ দেখানোর কথাও অস্বীকার করেন।