২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে অগ্নিকাণ্ডে ১৫টি প্লাস্টিক কারখানা এবং ১০০০ ঘর ভস্মীভূত

রাজধানীর লালবাগে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ টি প্লাস্টিক কারখানা এবং সহস্রাধিক ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এসময় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বিশৃঙ্খলার মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে আট বছর বয়সী শামীম দমকল বাহিনীর গাড়ির নীচে পড়ে। গুরুতর আহত অবস্থায় শামীমকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে দমকল বাহিনী জানিয়েছে।

অন্যদিকে, দমকল বাহিনীর ঘটনাস্থলে আসতে দেরি ও পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ ভ্যান ভাঙচুর ও দমকল বাহিনীর গাড়িতে আক্রমন করে। এসময় তারা ওই এলাকায় বিক্ষোভও প্রদর্শন করে।

দমকল বাহিনী ও পুলিশ সূত্রমতে, দমকল বাহিনীর লালবাগ, পলাশী, মোহাম্মদপুর, পোস্তগোলা শাখা ও সদরদপ্তরের মোট ১৬ টি ইউনিট একযোগে প্রায় তিনঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

দমকল কর্মীরা জানান, এলাকাটি ঘিঞ্জি ও রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে গিয়ে তাদের মারাত্মক সমস্যা হয়েছে।

এলাকাবাসী ও লালবাগ পুলিশ জানায়, ওয়াটার ওয়ার্কস রোডে অবস্থিত একটি প্লাস্টিক কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পার্শ্ববর্তী অন্যান্য কারখানা ও সহস্রাধিক ঘরবাড়ি গ্রাস করে।

এলাকাবাসী অরো জানায়, আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্থ লোকজন আত্মরক্ষার জন্য লাফিয়ে পড়ে। এসময় আশপাশের এলাকার মানুষও আতঙ্কগ্রস্ত হয়ে নিজ নিজ বাড়িঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। পুরো এলাকায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। অগ্নিকান্ডের পরপরই ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

ওয়াটার ওয়ার্কস রোডে অবস্থিত কারখানাগুলোর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।   

এলাকার চা বিক্রেতা তৌহিদ জানায়, “আগুন লাগার সাথে সাথে গোটা এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।”

প্রত্যক্ষদর্শী একজন চা বিক্রেতা জানায়, বেশীরভাগ মানুষই আহত হয় আত্মরক্ষা করতে গিয়ে।