২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস--ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

কুমিল্লার ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে বুধবার বিকেলে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জেলার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে হাইমচরগামী বিলাস পরিবহনের একটি মিনিবাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মিনিবাসের চালক(৪৫)সহ তিতাস উপজেলার কাকিয়াখালী গ্রামের আবদুর রব(৪৫), চৌদ্দগ্রামের ঈশান চন্দ্রনগর গ্রামের শরীফা(২০) এবং অজ্ঞাত এক যুবক (২৭) ঘটনাস্থলেই মারা যায়।

আহতদের মধ্যে জাহিদ মিয়া (৪০), হানিফ পাটোয়ারী (৪০), আবু সাইদ (৪০),মাসুম (২৪), হান্নান (৪০) ও মান্নান (৩০) এর অবস্থা আশংকাজনক। সন্ধ্যা সাড়ে সাতটায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত আরও আট ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে নিয়ে আসে। তবে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে।