২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে দু’দল জলদস্যুর বন্দুকযুদ্ধ, ১৫ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর জেলে পাড়া গ্রামে জলদস্যু হাসিমা বাহিনী ও আফসার বাহিনীর মধ্যে দফায় দফায় বন্দুক যুদ্ধ হয়েছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ডাকাতির মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে বুধবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মিয়া (১৬), আলী আক্কাস (১৮), শরিফ (২২), নুরুল হক মাঝি (৫০), জিয়ন মাঝি (৩৮), আবুল (৪১), কালা ফারুক (৩৬), মনা (২১), তরাব আলী (২৭), কানা জামাল (৩৯), টিপু (২৬), বাবুল (২৩), বজু (২৪), এবং কামাল (২৮)।

এদের মধ্যে নুরুল হক মাঝি, বাবুল ও কামালকে আশংকাজনক অবস্থায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা গ্রেফতার এড়াতে গোপন স্থানে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর জলদস্যু আফসার বাহিনীর প্রধান আফসারের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা চরলেংটা ক্লোজার ঘাট থেকে দুটি মাছ ধরার ট্রলার জালসহ লুট করে নিয়ে যায়। ট্রলার দু’টির মালিকানা দাবি করে জলদস্যু হাসিমা বুধবার বিকেলে ৫০/৬০ জন সশস্ত্র ক্যাডার নিয়ে জেলে পাড়ায় গিয়ে আফসার বাহিনীর দখল থেকে ট্রলার দু’টি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় আফসার বাহিনীর লোকেরা সংগঠিত হয়ে হাসিমা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। প্রায় দু’ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয়পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়।

এদিকে আফসার বানিহীর ক্যাডাররা বিকেল ৫টার দিকে পিছু হটলে হাসিমা বাহিনীর সশস্ত্র ক্যাডাররা জেলেপাড়ায় গিয়ে ৮টি বাড়িতে হামলা ও লুটপাট চালায়।

স্থানীয়রা দিয়ারা বালুয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পে খবর দিলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরদেশ আলম জলদস্যু বাহিনীর গোলাগুলির সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধর্তন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। র‌্যাব ও আর্মড পুলিশকে জরুরী ভিত্তিতে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার দক্ষিণে কোম্পানীগঞ্জ, সোনাগাজী ও সন্দ্বীপ থানার নদী উপকুলীয় এলাকার ৫০ হাজার মানুষ জলদস্যু বাহিনীর হাতে জিম্মি হয়ে আছে। জলদস্যু বাহিনীর পুলিশের মোস্ট ওয়ান্টেড হাসিমা বাহিনীর প্রধান হাসিমা আফসার বাহিনীর প্রধান আফসার ও তছির মাঝি বাহিনীর প্রধান তছির মাঝি নদী উপকুলীয় ৬৫ কি. মি. এলাকা শাসন করছে।

উপকূলীয় এলাকার জেলে থেকে শুরু করে সাধারণ কৃষকেরাও তিন বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে। তাদের প্রতিজনের বিরুদ্ধে ২৫ থেকে ৩০টি করে মামলা রয়েছে। নদীতে কোস্টগার্ড না থাকায় ও যাতায়াতের অব্যবস্থাপনার কারণে কোন ঘটনা ঘটলে পুলিশ সেখানে পৌঁছাতে দেরী হয়।