২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের বিরুদ্ধে আরেকটি মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

হত্যার চেষ্টা ও গুরুত্বর আঘাতের অভিযোগে আরও একটি মামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আইজিসহ ১শ ১৪ জন পুলিশের নাম উল্লেখ করে সাত শতাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বাংলাদেশ যুব আইনজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম উজ্জলের দায়ের করা এ মামলায় শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এবিএম আবুল ফাত্তাহ এ আদেশ দেন।

প্রসঙ্গত এর আগে ৪ ও ৯ অক্টোবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রীকোর্টের আইনজীবী ফজিলাতুন্নেছা বাপ্পী ও স্বেচ্ছা সেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমের দায়ের করা পৃথক দুই হত্যা প্রচেষ্টা মামলায় একই আদালতের একই ম্যাজিষ্ট্রেট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

গতকালের মামলায় বাদি বলেছেন, গত ৬ সেপ্টেম্বর নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজির নির্দেশে ডিসি কোহিনূরের নেতৃত্বে পুলিশ মিছিলে হামলা করে বাদির মাথা ও আঙুল থেতলে দেয়।