অস্ত্র ও বেমা মামলায় সালেহীকে বাদ দিয়ে চূড়ান্ত রিপোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মাহাবুব আলম সালেহীসহ ৩৫ ক্যাডারকে অস্ত্র ও বোমা বিস্ফোরণ মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে।
মতিহার থানার এস আই আতাউর রহমান অত্যন্ত গোপনে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা বরাবর চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন এবং সোমবার তা আদালতে পৌঁছে।
কিন্তু কোর্ট পুলিশ সূত্র বলেছে, চুড়ান্ত রিপোর্টে কিছু ভুল আছে। মামলার আইও আতাউরকে ফেরত দিয়ে সংশোধন করার পর এটি আবার আদালতে উত্থাপন করা হবে। মঙ্গলবার পর্যন্ত এটিকে আদালতে উত্থাপন হয়নি।
ভূ-তত্ত্ব ও¡ খনিবিদ্যা বিভাগের শিক্ষক তাহের হত্যার মূল ষড়যন্ত্রকারী সালেহীকে অব্যাহতি দেওয়ায় ক্যাম্পাসে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়, মামলার তদন্তে অগ্রগতি না হওয়া, আসামীদের পূর্ণ নাম ঠিকানা না পাওয়া, মামলার বয়স অনেক বেশি হওয়া এবং প্রত্যক্ষ কোন সাক্ষী না পাওয়ায় সালেহীসহ ৩৫ ছাত্র শিবির নেতা কর্মীকে অব্যাহতি দিয়ে চুড়ান্ত রিপোর্ট দাখিল করা হয় গত ৩০ সেপ্টেম্বর।
চুড়ান্ত রিপোর্টে উল্লেখ করা হয়, ২০০৪ সালের ১১ জানুয়ারি ছাত্র শিবির অগ্রণী ব্যাংক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম অগ্রিম উত্তোলন করে দ্বিগুণ দামে তা বিক্রি শুরু করে। ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে ১২ জানুয়ারী ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া হয়। পরদিন ১৩ জানুয়ারী বেলা ৪ টার পর সালেহীর নেতৃত্বে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল কাটা রাইফেল, পিস্তল, শাটার গান, চাইনিজ কুড়াল ও বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্র--শস্ত্র নিয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলা চালায়।
চুড়ান্ত রিপোর্টে বলা হয়, সালেহী প্রথমে কাটা রাইফেল দিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে। তারপর সে হুকুম দেয় ‘সব শালাকে খতম কর, চারদিক থেকে ঘিরে ফেল’। জানা গেছে, এর পরপরই বোমা বিস্ফোরণ ও ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। শিবির ক্যাডাররা ওই সময় নিরীহ ছাত্রছাত্রীদের উপরও নির্যাতন চালায় । এতে আহত হন বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আসলাম রেজা, ছাত্র দল নেতা জুয়েল, মাসুদ ও ফটিকসহ অর্ধ-শতাধিক ছাত্র। আহত নেতা-কর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। ঘটনার দুদিন পর ২০০৪ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মতিউর রহমান বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।
জানা গেছে, এ মামলার ঘটনায় পুলিশ মাত্র দুজনকে গ্রেফতার করে। এছাড়া মামলা তেমন কোন অগ্রগতি হয়নি।
চুড়ান্ত রিপোর্টে উল্লেখ করা হয়, এসআই আবু হানিফ, এসআই মাজেদুল, এসআই কফিল উদ্দিন, এসআই পরিমল কুমার, এসআই আমিনুল বিভিন্ন সময়ে আসামীদের সঠিক নাম ঠিকানা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করেনি।
