খুলনায় ভেড়ি বাধ ভেঙ্গে ভেসে গেছে দুই শতাধিক মৎস্য ঘের
জেলার কয়রা উপজেলায় ১৩ ও ১৪নং বোল্ডার (ভেড়ি বাঁধ) ভেঙ্গে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শীতকালীন ফসলসহ দুই শতাধিক ছোট - বড় মৎস্য ঘের।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী সিরাজুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব না। তবে গ্রামবাসী দাবি করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা।
এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়রা উপজেলায় ১৩ ও ১৪ নং বোল্ডার সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের জোয়ারের পানির প্রবল চাপে ভেঙ্গে যায়। এতে উপজেলার দশ আনিয়া, গোবিন্দপুর, লোকা, শিমুল আড়াই, আটরা ও জয়পুর গ্রাম পানিতে তলিয়ে যায়। ভেসে যায় শীতকালীন ফসলের ক্ষেত ছাড়াও ছোট - বড় দুই শতাধিক মৎস্য ঘের।
গ্রামগুলোর তিন শতাধিক মানুষ এখন পাশের ভেড়ি বাঁধে আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার ভেড়ি বাঁধের নির্মাণ কাজ শুরু হয়।
