গাজীপুরে গৃহবধু এসিডদগ্ধ
গাজীপুরে সোমবার ভোররাতে দুবর্ৃৃত্তদের ছোঁড়া এসিডে গৃহবধূ মিনারা বেগমের (৩২) পিঠ ঝলসে গেছে। গাজীপুর সদরের বাসনে সেহরির পর এ ঘটনা ঘটে। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ব্যাপারে কোনও মামলা হয়নি।
মিনারা বেগম ও তার পরিবারের লোকজন জানান, সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে বাড়ির উঠোনে বাসনপত্র ধোয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে এসিড ছুঁড়ে মারে।
মিনারা জানান, প্রচণ্ড যন্ত্রণা নিয়ে তিনি পিছনে ফিরে প্রতিবেশি বকুল, সামাদ ও অজ্ঞাত আরও একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে শরীরে পানি ঢেলে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে মিনারার স্বামী আমীর আলী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুদিন আগে প্রতিবেশি জালাল উদ্দিনের পরিবারের লোকজনের সঙ্গে মিনারার ঝগড়া হয়। এর জের ধরে এসিড নিক্ষেপ করা হতে পারে।
মামলা না করার জন্য এলাকার প্রভাবশালী মহল তাকে চাপ দিচ্ছেন বলেও তিনি জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এসিডদগ্ধ মিনারা হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৬ নম্বর ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
কর্তব্যরত নার্সরা জানায়, মিনারার পিঠের অধিকাংশই এসিডে ঝলসে গেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি।
