সাতক্ষীরায় মহিলা কলেজের হোস্টেল উচ্ছেদে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মিছিল, সমাবেশ
কুমিরা মহিলা ডিগ্রী কলেজের হোস্টেল উচ্ছেদের নামে ছাত্রীদের ওপর হামলার সঙ্গে জড়িত পুলিশ এবং বিএনপি ক্যাডারদের গ্রেপ্তার দাবিতে মিছিল-সমাবেশ করেছে ১৪ দল এবং কলেজের ছাত্রীরা।
ছাত্রীরা সোমবার সকাল থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দিনভর বিক্ষোভ মিছিল করে। তারা ঘটনার জন্য কলেজের অধ্যক্ষ লুৎফর আরা জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আযম খানকে দায়ি করে বিভিন্ন স্লোগানও দেয়।
এছাড়া তালা উপজেলা ১৪ দলের উদ্যোগে আয়োজিত কুমিরা হাইস্কুল মাঠে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্রীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে কলেজ পরিচালনা কমিটির এক জরুরী সভায় রোববারের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
