রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, আপডেট
রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা - সিলেট মহাসড়ক থেকে বিকাল ৫টায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। বেতন - বোনাসের দাবিতে সোমবার দুপুর ১টা থেকে তারা ওই সড়কে অবস্থান নিলে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি গার্মেন্টস এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রূপগঞ্জের রবিন টেক্স এবং রবিন অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন ও বোনাসের দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ দাবি মানতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা ম্যানেজার ইদ্রিস আলীকে মারধর এবং গার্মেন্টসের দরজা - জানালা ভাঙচুর করে।
এরপর প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ঢাকা - সলেট মহাসড়কের ভুলতা নামক স্থানে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে বিকল্প পথে যানবাহন চলাচল করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকাল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করে নিলেও যানজটে পড়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
