এই টাকায় ফরম কিনতে না পারলে এবতেদায়ী মাদ্রাসায় ভর্তি হন: রাবি ভিসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম আলতাফ হোসেন প্রথম বর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সম্পর্কে সোমবার বলেছেন, এত কম টাকা দিয়েও যারা ভর্তি ফরম কিনতে পারবে না, তারা যেন এবতেদায়ী বা কওমী মাদ্রাসায় ভর্তি হয়।
এ ছাড়া ড. তাহের হত্যাকান্ডের অন্যতম আসামী শিবির সভাপতি মাহবুবুল আলম সালেহীর সাথে বহুল আলোচিত ইফতার করা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ‘পাপকে ঘৃণা করো পাপীকে নয়’।
প্রথম বর্ষে ভর্তি ফর্মের বর্ধিত মূল্য কমানো, তাপসী রাবেয়া হলে বহিরাগত যুবকের অনুপ্রবেশের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজের অগ্রগতি ও আবাসিক শিক্ষক--শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করাসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপাচার্যকে স্বারকলিপি দেওয়ার সময় তিনি এই শাশ্বত বাণী মেনে চলার উপদেশ দেন।
এর আগে শনিবার ড. তাহের হত্যাকান্ডের অন্যতম আসামী মাহবুবুল আলম সালেহীর পাশে বসে তার ইফতার করার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে আমাকে আমন্ত্রণ করায় সেখানে যেতে হয়েছে। কেবল ছাত্রশিবির কেন, যে কোন ছাত্র সংগঠনের ইফতার পার্টিতে দাওয়াত করলে আমাকে সেখানে যেতে হয়।
এ বছর প্রথম বর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সম্পর্কে তিনি বলেন, এত কম টাকা দিয়েও যারা ভর্তি ফরম কিনতে পারবে না, তারা যেন এবতেদায়ী বা কওমী মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে বিনামূল্যে খাওয়া--দাওয়ার সাথে প্রয়োজনীয় আবাসনেরও ব্যবস্থা আছে।
