২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৮ লাখ টাকা আত্মসাতের দায়ে পদ্মা অয়েলের কর্মকর্তার যাবজ্জীবন

৯৮ লাখ টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির এক কর্মকর্তাকে চট্টগ্রাম মুখ্য মহানগর দায়রা আদালত রোববার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বিচারক মোহাম্মদ কাওসার আত্মসাৎ করা টাকার সমান অর্থ জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড প্রদানের আদেশ দেন।

আসামী পদ্মা অয়েলের চট্টগ্রাম শহরস্থ ডিপোর এগ্রো কেমিক্যাল শাখার বিক্রয় কর্মকর্তা জয় সরকার আচার্যের অনুপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। জয় সরকার আচার্য পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আসামী জয় সরকার ২০০২ সালের জুন মাসের ১৯ থেকে ২৯ তারিখ এবং ডিসেম্বরের ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত বিভিন্ন ডিলারের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করেছেন তা কোম্পানির হিসাবে জমা দেননি।

পদ্মা অয়েল কোম্পানির আইন উপদেষ্টা এসএম রফিকুদ্দিন আর্থিক অনিয়ম খুঁজে পাওয়ার পর কোম্পানির মহাব্যবস্থাপকের পক্ষে ২০০৪ সালের ২৪ এপ্রিল একটি মামলা দায়ের করেন।

বন্দনগরীর ডাবলমুড়িং থানা পুলিশ ঘটনা তদন্ত করে ২০০৫ সালের ৬ নভেম্বর চার্জশিট দাখিল করে।

আদালত মামলায় ১৪  সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে আসামী জয় সরকারকে দোষী সাব্যস্ত করে এবং আসামীর গ্রাচুইটি (আনুতোষিক) ও প্রভিডেন্ট (ভবিষ্যৎ) ফান্ড থেকে অর্থ সংগ্রহ করে তা কোম্পানির তহবিলে জমা দেয়ার আদেশ দেন।