২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেকশন গ্রেডে বেতন - ভাতা না পেয়ে ক্ষুব্ধ সচিবালয়ের হাজার কর্মকর্তা

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও) পর্যায়ের দ্বিতীয় শ্রেণীর প্রায় এক হাজার কর্মকর্তা ২২ মাস ধরে সিলেকশন গ্রেড অনুযায়ী বেতন - ভাতা পাচ্ছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 01:53 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সিলেকশন গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিবের নির্দেশ কার্যকর না হওয়ার কারণেই মূলত সংশ্লিষ্টদের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে বর্তমান সরকারের এই শেষ সময়ে সচিবালয় ফুঁসে উঠতে পারে বলে সংশ্লিষ্ট অনেকেই আশংকা করছেন।

সূত্র জানায়, ২০০৫ সালের মে মাসে ঘোষিত নতুন বেতন স্কেল ওই বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। ওই স্কেলে সচিবালয়ে কর্মরত প্রায় দুই হাজার প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার অর্ধেককে সিলেকশন গ্রেড দেওয়া হয়। বাকি অর্ধেকের ক্ষেত্রে সিলেকশন গ্রেড কার্যকর করা হয়নি।

পরে এসব বঞ্চিত কর্মকর্তার সিলেকশন গ্রেড কার্যকর করার জন্য অর্থ সচিবের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্টরা সিলেকশন গ্রেড অনুযায়ী বেতন - ভাতার প্রস্তাবনা তৈরি করে হিসাবরক্ষণ (এজি) অফিসে জমা দেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকায় তারা ওই প্রস্তাবনা অনুযায়ী বেতন ভাতা ছাড় করাতে পারছেন না।

এ ব্যাপারে বুধবার সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার অর্থ সচিবের সাথে সাক্ষাত করেন। তারা সচিবের কাছে বিষয়টি সমাধান করার দাবিও জানান। তাদের এই দাবির মুখে সচিব বিষয়টি নিস্পত্তি করার জন্য উপ সচিব (বাস্তবায়ন) তাসলিম আরাকে নির্দেশ দেন। কিন্তু ওই কর্মকর্তা বিষয়টি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলে কযেকজন অভিযোগ করেন।

সচিবালয় কর্মকর্তা - কর্মচারি সংযুক্ত পরিষদের মহাসচিব আব্দুল খালেক বিডিনিউজ২৪ডটকমকে জানান, সচিবের নির্দেশ কার্যকর না হওয়ায় কর্মকর্তারা গত ২২ মাস ধরে প্রতি মাসে দুই হাজার টাকা করে কম বেতন - ভাতা উত্তোলন করছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বভাবতই তারা মনে ক্ষোভ পোষণ করছেন।

তিনি জানান, সরকারের শেষ মুহুর্তে প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ওই কর্মকর্তা সংশ্লিষ্টদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব (বাস্তবায়ন) বেগম তাসলিম আরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোন নির্দেশনা তিনি পাননি। তাই তিনি কিছুই করতে পারছেন না। তবে তিনি বলেন, নির্দেশনা পেলে সিলেকশন গ্রেডে বেতন দেয়ার বিষয়টি বাস্তবায়ন করতে অসুবিধা হবে না।