সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী নিহত, নির্যাতন করা হচ্ছে আরেকজনকে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ হাড়দ্দহা সীমান্তের ইছামতি নদী থেকে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে তিনি নিহত হন। এছাড়া নির্যাতন চালানো হচ্ছে আরেক গরু ব্যবসায়ীর উপর।
নিহত গরু ব্যবসায়ী মিরাজ আলী গাজী (৩২) সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত জামাল উদ্দিন গাজীর ছেলে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে মিরাজ আলীসহ কয়েক ব্যক্তি ভারতে গরু আনতে যায়। রাতে ফেরার পথে ভারতের সোলাদানা ক্যাম্পের বিএসএফ জোয়ানরা মিরাজকে আটক করে বেদম মারধর করে এবং এক পর্যায়ে তাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ইছামতি নদীতে ফেলে দেয়। শনিবার সকালে গ্রামবাসীরা ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করে। মিরাজ আলীর অন্য সঙ্গীরা কোনও রকমে পালিয়ে আসেন।
এ ব্যাপারে বিডিআর ৪১ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর হুমায়ূন কবীর জানান, সীমান্তের ইছামতি নদী থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করা হয়েছে। বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তারালী ক্যাম্পের বিএসএফ জোয়ানরা আরেক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করে তার উপর নির্যাতন চালাচ্ছে। সদর উপজেলার ভাটপাড়া গ্রামের রইসউদ্দিনের ছেলে মনিরুল ইসলামের (২৬) মুখে কালো কাপড় বেঁধে তাকে ক্যাম্পের পেছনে ফেলে রাখা হয়েছে বলে সীমান্ত সূত্রগুলো জানায়।
মনিরুলের চাচা আনোয়ারুল জানান, মনিরুলকে জীবিতাবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় বিডিআর ক্যাম্পে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে তারা কিছু জানে না বলে বিডিআর ক্যাম্প থেকে জানানো হয়েছে।
