পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ বন্ধ করুণ: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাসস্থানের অধিকার মানুষের মৌলিক মানবাধিকার। কিন্তু সংবিধান ও হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ঢাকাসহ বিভিন্ন নগরীতে বস্তি উচ্ছেদ অব্যাহত রয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে বস্তি উচ্ছেদ বন্ধ করার দাবি জানান তিনি।
এক সংবাদ নিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার সকালে মুক্তাঙ্গনে ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে জাতীয় বাস্তুহারা জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভুমি দস্যু, অসৎ রাজনীতিক, অসৎ আমলা, লুটেরা, সন্ত্রাসীদের সিণ্ডিকেট ভূমিহীন বাস্তুহারাদের মাথা গোঁজার সামান্যতম জায়গাও গিলে খাচ্ছে। তিনি বস্তিবাসী, বাস্তুহারা, ভূমিহীন, হকার, রিক্সা-ভ্যানওয়ালাসহ নগরের দরিদ্র শ্রমজীবি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে হাতে গোনা ভূমি দস্যুদের সিণ্ডিকেটের দুর্গে আঘাত করার আহ্বান জানান।
জাতীয় বাস্তুহারা জোটের সভাপতি মোঃ নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কিমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, ঢাকা মহানগর জাসদ সভাপতি মীর হোসাইন আখতার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, বাস্তুহারা জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ আহমেদ, মহানগর জাসদ নেতা সৈয়দ মোতালেব হোসেন, মনির হোসেন প্রমুখ।
