২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি প্রভাষকদের পদোন্নতির দাবিতে ১১ অক্টোবর শিক্ষা ভবন চত্বরে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বিসিএস শিক্ষা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, শিক্ষামন্ত্রীর সাথে ১০ আগস্ট সমিতির আলোচনার পরিপ্রেক্ষিতে ২০ আগস্টের মধ্যে প্রভাষকদের পদোন্নতি প্রদানের প্রতিশ্রতি এখনও বাস্তবায়ন হয়নি।

পরবর্তীতে ৩ অক্টোবর অনুষ্ঠিত মাউশির (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) মহাপরিচালক, পরিচালক (কলেজ), শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপ-সচিবের সাথে সমিতির প্রতিনিধিদের আলোচনায় ৪ অক্টোবর পদোন্নতি প্রদানের অঙ্গীকার করেও তা বাস্তবায়ন না করায় সমিতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে।

নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ কতিপয় অযোগ্য শিক্ষককে প্রমার্জনের মাধ্যমে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে কর্তৃপক্ষ প্রভাষকদের পদোন্নতি প্রদানে বিলম্ব ঘটাচ্ছে। এ ধরনের তৎপরতা বন্ধ করে অবিলম্বে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রভাষকদের পদোন্নতি  দেওয়ার দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।